রাজনৈতিক সুবিধা পাওয়া কেউ যেন নির্বাচন কমিশনে সুযোগ না পান সেই বিষয়টি সার্চ কমিটিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের সবারই বক্তব্য ছিল, নির্বাচন কমিশনে যারা সুযোগ পাবেন তারা যেন পূর্বে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে আয়োজিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক শেষে আসিফ নজরুল এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শতভাগ আস্থা রাখতে পারি না। তবে আমরা বলেছি, নির্বাচন কমিশনার বানানোর জন্য যাদের নাম সুপারিশ করা হবে তাদের নাম যেন আগেই ঘোষণা করা হয়। তারপর হয়ত আস্থা-অনাস্থার বিষয় আসবে।
ড. আসিফ নজরুল বলেন, যেমন আপনারা জানেন, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে, সুপারসিট করার মাধ্যমে, চাকরির সময় বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকার অনেক সময় অনেকের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে এবং যারা রিটায়ার্ডের পর কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়েছে, এ ধরনের লোকেরা যেন নির্বাচন কমিশনে না আসেন। অবশ্যই যারা নির্বাচন কমিশনে আসবেন তাদের যেন সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা, সাহস ও ব্যক্তিত্ব থাকে।
তিনি বলেন, কমিশনে গৃহীত সবার নাম যেন প্রচার করা হয়। যদি ৩০ জনকে সিলেক্ট (বাছাই) করা হয়, তাদের বিষয়ে যদি কারো জানা থাকে যে তারা কোন রাজনৈতিক দলের সাপোর্ট করেছেন অথবা কোনো টকশোতে গিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলেছেন, তাহলে জনগণ জানাতে পারবেন যে তাদের যেন বাদ দেওয়া হয়।
‘আমাদের কাছে মনে হয়েছে সার্চ কমিটি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছে। কিন্তু কতটুকু রাখবে সেটা নাম প্রকাশের পর আমরা বুঝতে পারবো।’ যোগ করেন তিনি।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।